অনলাইনেও উন্মুক্ত হচ্ছে ‘বঙ্গভবন’

২৪ জানুয়ারি, ২০২৩ ১৯:১১  

‘মানুক হাউজ’ থেকে গভর্নর হাউজ। ভিক্টোরীয় স্থাপত্যশিল্পের সঙ্গে ইসলামী ও বাঙালি স্থাপত্যের সমন্বয়ে অনন্য এক নিদর্শন এ ভবনটি এখন রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন। দেশের সর্বোচ্চ সুরক্ষিত প্রাসাদ ‘বঙ্গভবন’ এবার সীমিত পরিসরে উন্মুক্ত করে দেয়া হচেছ দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য। চলছে তোশাখানা ও এয়ার রেইড শেল্টার হাউজের আধুনিকায়ন। ১৯৬৫ সালে নির্মিত হলেও পরিত্যক্ত এয়ার রেইড শেল্টার হাউজটি পরিভ্রমণ করা যাবে অনলাইনেও। শতাব্দীকালের বর্ণাঢ্য ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন তাই দেখা যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।

https://www.youtube.com/watch?v=DeFRcbuj2jQ&ab_channel=DigiBangla
https://digibanglatech.news/news/local/ict/93212/

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, আধুনিক ল্যান্ডস্কেপে সাজানো বঙ্গভবনে রয়েছে দৃষ্টিনন্দন সবুজ উদ্যান, দুম্বা শেড, হরিণ পার্ক, দৃষ্টিনন্দন চারটি পুকুর ও একটি সুইমিং পুলসহ নানা দর্শনীয় স্থান। অনলাইনে টিকিট কিনে দর্শনার্থীরা বঙ্গভবনে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধার সন্তান, দেশের জন্য ভালো কাজ করেছেন- এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে সংস্কারকৃত এয়ার রেইড শেল্টার ও তোষাখানা জাদুঘরটি উদ্বোধন এবং বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম, সংস্কৃতির বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রেজওয়ান আহাম্মাদ তৌফিক, এমপি এবং সংশ্লিষ্ট সচিবগণ এবং সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে গত ৯ জানুয়ারি প্রযুক্তি নির্ভর স্মার্ট বঙ্গভবন রূপান্তরের সার্বিক কারিগরি সহযোগিতা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের নেতৃত্বে বৈঠক করেছিলেন আইসিটি প্রতিমন্ত্রী। ওই বৈঠকে বঙ্গভবন আর্কাইভের অগ্রগতি তুলে ধরেছিলেন তিনি।